পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তিন নির্বাহী পরিচালকের মধ্যে দাপ্তরিক দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিএসইসির সহকারী পরিচালক ইনজামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব পুনর্বণ্টনের তথ্য জানানো হয়।
নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ এবং ডেরিভেটিভস বিভাগের দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি কর্পোরেট ফাইন্যান্স বিভাগের দায়িত্বও পালন করতেন।
নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আর অ্যান্ড ডি (গবেষণা ও উন্নয়ন) বিভাগের পাশাপাশি কর্পোরেট ফাইন্যান্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিস অ্যাফেয়ার্স বিভাগের দায়িত্বে ছিলেন।
অন্যদিকে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালামকে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিস অ্যাফেয়ার্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
এর আগে আবুল কালাম চিফ অ্যাকাউন্টস বিভাগ ও অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং পলিসি বিভাগের দায়িত্বে ছিলেন। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে কর্পোরেট রিপোর্টিং বিভাগ, আইন বিভাগ এবং ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের দায়িত্ব পালন করছিলেন।
